ক্যাশ আউটে শ্রমিকদের চার্জ কমল : প্রতি হাজারে চার্জ আট টাকা

২৩ এপ্রিল, ২০২০ ১৫:১৭  
করোনায় ক্ষতিগ্রস্ত রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা মোবাইল ব্যাংকিং ক্যাশ আউটে প্রতি হাজারে আট টাকা চার্জ নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এর মধ্যে শ্রমিকদের দিতে হবে চার টাকা। বাকি চার টাকা প্ররিশোধ করবে ঋণ প্রদানকারী ব্যাংক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী মোবাইল ব্যাংকিং সেবায় ক্যাশ আউটে (টাকা উত্তোলন) প্রতি হাজারে ১৮ থেকে ২০ টাকা চার্জ কেটে নেয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্টরা। স্বল্প আয়ের শ্রমিকদের এ খরচ বহন করা কঠিন। বিষয়টি বিবেচনায় এ নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা। বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের উদ্দেশে প্রকাশিত সার্কুলারে বলা হয়, গত ২ এপ্রিল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য সবাইকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট খোলার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। এই স্কিমের আওতায় পরিশোধিত বেতন-ভাতা ক্যাশ আউটের ক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের স্বার্থ বিবেচনায় ফি আদায়ে শুধুমাত্র কস্ট রিকভারি বা কোনো ক্ষেত্রে সাবসিডি প্রদানের জন্য অপারেটরদেরকে (নগদসহ) অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে শূন্য দশমিক আট শতাংশ বা হাজারে আট টাকার বেশি চার্জ আদায় করা যাবে না। এর মধ্যেও এমএফএস অপারেটরদের নিজেদের কমিশন থেকে চার টাকা প্রদান করবে ঋণ প্রদানকারী ব্যাংক। বাকি চার টাকা পরিশোধ করবে গ্রাহক বা প্রতিষ্ঠানের শ্রমিক। এর আগে গত ২ এপ্রিল একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। ওই সার্কুলারে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের বেতন-ভাতা পরিশোধ করতে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।